সার বিতরণে গতি আনতে দেশের প্রতিটি ইউনিয়নে আরো একজন করে ডিলার নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে খুচরা বিক্রেতার সংখ্যাও বাড়ানোর কথা জানিয়েছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। সার নিয়ে যে আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি রটনা হচ্ছে। কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে ডিলার ও খুচরা বিক্রেতার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, সরকার সারে প্রচুর ভর্তুকি দিচ্ছে। কোনো ডিলার অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন হলে মোবাইল কোর্ট পরিচালনা করে মজুত করা সার উদ্ধার করা হবে।
আসাদুল হাবিব দুলু বলেন, কৃষকের কাছে সার পৌঁছে দেয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সার বিতরণ কার্যক্রম সুষ্ঠু রাখতে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে ঈদে মিলাদুন্নবী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর হাসপাতালের রোগীদের উন্নত খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় জেলা প্রশাসক রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



