চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২৩

ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘রয়েল এক্সপ্রেস’-এর একটি বাস দ্রুত গতিতে চলছিল। সরোজগঞ্জ বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাসটির চালক।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
দুর্ঘটনাকবলিত উল্টে যাওয়া বাসটি
দুর্ঘটনাকবলিত উল্টে যাওয়া বাসটি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে উল্টে গিয়ে অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একই পরিবারের নারী ও শিশুসহ অন্তত সাতজন সদস্য রয়েছেন।

এছাড়া এ ঘটনায় এক যাত্রীর হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অপর এক যাত্রী দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘রয়েল এক্সপ্রেস’-এর একটি বাস দ্রুত গতিতে চলছিল। সরোজগঞ্জ বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাসটির চালক। এ সময় বাসটি সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর পরই সরোজগঞ্জ বাজারের স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাসটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) ডা: আব্দুর রহমান ও সার্জারি বিশেষজ্ঞ ডা: এহসানুল হক তন্ময় জানান, হাসপাতালের ওয়ার্ডগুলোতে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চার-ছয়জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচার শেষে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের সার্বিক চিকিৎসাসেবাসহ শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করে হাসপাতালে সার্বক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতের আশ্বাস দেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই পথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।