ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট প্রত্যাখ্যান করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্রদল ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ঘোড়াঘাট থানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চব্বিশ সালের ৪ আগস্ট ঘোড়াঘাটের বাসস্ট্যান্ড চারমাথা এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ প্রশাসন পক্ষপাতিত্ব করেছেন।
বক্তারা বলেন, তদন্ত চলাকালে ৬৭ জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত প্রভাবশালী কয়েকজন আওয়ামী লীগ নেতাকে বাদ দিয়ে মাত্র ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়েছে।
তারা অবিলম্বে এ চার্জশিট প্রত্যাহার, মূল অভিযুক্তদের নাম অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট দাখিল এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভুক্তভোগী পরিবারের সদস্য ও পৌর ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন।
তবে অভিযোগ অস্বীকার করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মনিটরিং সেল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় নিরপেক্ষ তদন্ত শেষেই ৫২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম নিয়ামত উল্লাহ বলেন, তদন্ত নিয়ে কারো আপত্তি থাকলে তারা আদালতে আইনি প্রতিকার চাইতে পারেন।



