পুলিশের বিশেষ অভিযান

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চোরাচালান পণ্যসহ গ্রেফতার ৭

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Location :

Cumilla
ব্রাহ্মণপাড়া থানায় গ্রেফতার সাত আসামি
ব্রাহ্মণপাড়া থানায় গ্রেফতার সাত আসামি |নয়া দিগন্ত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে চোরাচালান পণ্য ও মাদকসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকায় অভিযান চালান ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার। এ সময় রাস্তার পাশের একটি পুকুরপাড়ের ঘাসের মধ্যে পরিত্যক্ত অবস্থায় রাখা সাত বোতল বিয়ার উদ্ধার করা হয়।

একই দিন রাতে শশীদল-ব্রাহ্মণপাড়া পাকা সড়ক এলাকায় অন্য একটি অভিযানে মো: মাসুদ রানা (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাচালানের ৪৯০ পিস তেল ও ৪০ প্যাকেট তাস উদ্ধার করা হয়। গ্রেফতার মাসুদ রানা কুমিল্লার কোতোয়ালি থানার চানপুর এলাকার মো: হানিফ মিয়ার ছেলে।

অন্যদিকে, বৃহস্পতিবার এসআই মোহাম্মদ জালাল উদ্দিন, এসআই মো: রফিকুল ইসলাম ও এএসআই মো: নাছির উদ্দিন পৃথক অভিযান চালিয়ে আরো ছয়জনকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামিরা হলেন মালাপাড়া এলাকার মো: জিয়াউর রহমান ওরফে বাবা জিয়া (৪২), মো: সালা উদ্দিন (৩৫) ও সুজন সূত্রধর (৩৩), আসাদনগরের মো: মাঈন উদ্দিন (৩৩) ও হাবিবুর রহমান (৩৫) এবং বুড়িচং উপজেলার দক্ষিণ শ্যামপুর এলাকার হাবিব হোসেন (১৯)।

পুলিশ জানায়, গ্রেফতার ছয়জনের মধ্যে মাদক সেবনের অপরাধে পাঁচজনকে সামারি ট্রায়ালের মুখোমুখি করা হয়। বিচার শেষে মাঈন উদ্দিন, হাবিব হোসেন, হাবিবুর রহমান, সালা উদ্দিন ও সুজন সূত্রধরকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অপরদিকে, জিয়াউর রহমানের বিরুদ্ধে দুটি জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে সামারি ট্রায়ালে পাঠানো হয়নি।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।