নাটোরের নলডাঙ্গায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো: জুবায়ের (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৫ জুন) র্যাব-৫-এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার জুবায়ের উপজেলার বাঁশভাগ মধ্যপাড়া গ্রামের মো: জাকির হোসেনের ছেলে। তাকে সিংড়ার বারই হাটি থেকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জনৈক এক নারী তার দুই মেয়ে নিয়ে গাজীপুর কাশিমপুর দক্ষিণ পানিশাইলে ভাড়া বাসায় বসবাস করতেন। অপর দিকে জোবায়ের পরিবার নিয়ে একই এলাকায় বসবাস করতেন। ভুক্তভোগী শিশুটি প্রায় জোবায়েরের ছোট বোনের (৭ ব্ছর) সাথে খেলতে তাদের বাসায় যেত। এর ধারাবাহিকতায় শিশুটি জোবায়েরের বাসায় গেলে, কেউ না থাকায় তাকে শয়ন কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির মা ও স্থানীয়রা জোবায়েরের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে। ঘটনার পর শিশুটির মা নারী ও শিশু আইনে মামলা করেন।
মামলার পর গ্রেফতার এড়াতে গা ঢাকা দেন জোবায়ের। পরে র্যাবের যৌথ অভিযানে উপজেলার সিংড়ার বারই হাটি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জোবায়ের ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেন। আসামিকে নলডাঙ্গা থানার মাধ্যমে কাশিমপুর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।



