পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

অন্যায় করে কেউ পার পেয়ে যাবেন, এমন সুযোগ নেই

‘প্রতিটি ইউনিয়নে ইতিমধ্যে সরকার একটি করে খেলার মাঠের তালিকা করছে এবং তা বাস্তবায়ন করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Nagarkanda
নগরকান্দা উপজেলার ভাবুকদিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
নগরকান্দা উপজেলার ভাবুকদিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ |নয়া দিগন্ত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘অন্যায় করে পাশে বসে চা-কফি খেলেই বাঁচবেন—এমন ভাবার কোনো কারণ নেই।’

তিনি আরো জানান, প্রতিটি ইউনিয়নে ইতিমধ্যে সরকার একটি করে খেলার মাঠের তালিকা করছে এবং তা বাস্তবায়ন করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, শনিবার (১৮ জুলাই) একদিনের সফরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

সফরে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি সামাজিক সচেতনতামূলক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সফরের শুরুতে প্রতিমন্ত্রী নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের পশ্চিমপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাসুদুর রহমানের বাড়ি পরিদর্শন করেন। তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে তিনি ফুলসুতি ইউনিয়নে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ডা: মাসুদুর রহমানের ভাতিজা ও নাতির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এরপর নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশ, ফরিদপুরের আয়োজনে ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সভায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সঙ্ঘাত নিরসনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন। সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ।

এ সময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ জেলা ও উপজেলার একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।