ভোলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটকরা হলেন নোয়াখালীর খলিলপুর গ্রামের নুরনবীর ছেলে নুর ইসলাম ও আব্দুল কুদ্দুসের ছেলে রাসেল।
তিনি বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড তার দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, রোববার বিকেল ৫টার দিকে ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশার ৬ নম্বর বাঘার হাওলা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়।’
জব্দকৃত গাঁজা এবং আটক মাদককারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



