তিস্তায় আবারো পানি বৃদ্ধি : নিচু এলাকা প্লাবিত, ভাঙনে দিশেহারা মানুষ

উজানের ঢল আর বৃষ্টিতে আবারো পানি বাড়ল তিস্তায়। এ নিয়ে সপ্তমবারের মতো বাড়ল তিস্তার পানি। এতে অববাহিকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের এলাকায় পানি ঢুকেছে। আমনের আবাদ পানির নিচে। ধরেছে ভয়াবহ ভাঙন।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
তিস্তায় আবারো পানি বৃদ্ধি : নিচু এলাকা প্লাবিত, ভাঙনে দিশেহারা মানুষ
তিস্তায় আবারো পানি বৃদ্ধি : নিচু এলাকা প্লাবিত, ভাঙনে দিশেহারা মানুষ |নয়া দিগন্ত

উজানের ঢল আর বৃষ্টিতে আবারো পানি বাড়ল তিস্তায়। এ নিয়ে সপ্তমবারের মতো বাড়ল তিস্তার পানি। এতে অববাহিকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের এলাকায় পানি ঢুকেছে। আমনের আবাদ পানির নিচে। ধরেছে ভয়াবহ ভাঙন।

পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব জানান, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল ৬টায়ও ছিল একই অবস্থা। বেলা ১২টায় তা ৮ সেন্টিমিটার, বিকেল তিনটায় ১১ সেন্টিমিটার এবং সন্ধ্যা ছয়টায় ১৭ সেন্টিমিটার নিচে নেমে আসে।

তিস্তায় এই পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা, জলঢাকা; লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী, সদর; রংপুরের গংগাচড়া, কাউনিয়া, পীরগাছা; কুড়িগ্রামের রাজারহাট, চিলমারী, উলিপুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর পর্যন্ত তিস্তা অববাহিকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের এলাকাগুলোতে পানি ঢুকে পড়েছে। অনেক বাসাবাড়িতে পানি উঠেছে। রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেক জায়গায় রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে। তলিয়ে গেছে সদ্য রোপণকৃত হেক্টরের পর হেক্টর আমনের আবাদ। তলিয়ে গেছে আমনের অনেক বীজতলা, শাকসবজির খেত। শত শত পুকুর উপচে চলে গেছে মাছ। এতে দুশ্চিন্তায় পড়েছেন অববাহিকার চাষিরা।

গংগাচড়া লক্ষ্মীটারী ইউনিয়নের পশ্চিম ইচলি গ্রামের চাষী মহসীন আলী জানান, এবার সাতবার তিস্তা অববাহিকায় পানি কমল এবং বাড়ল। এ কারণে বড় আবাদের ৭০ ভাগই তারা তুলতে পারেননি। বাদামের আবাদ তারা ঘরে তুলতে পারেননি। অর্ধেকেরও বেশি ভুট্টা পানিতেই তলিয়ে গিয়েছিল। সপ্তমবারের মতো মঙ্গলবার পানি বৃদ্ধি পাওয়ায় সদ্য লাগানো আমনের আবাদ এখন অথৈ পানির নিচে।

গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের কাচারীপাড়া এলাকার মৎস্যচাষি সৈয়দ আলী জানান, ‘আমার ৪ বিঘা জমিতে পুকুরের আবাদ ছিল। কিন্তু পানি বৃদ্ধি পাওয়ায় পার উপচে সব মাছ চলে গেছে।’

নোহালী ইউনিয়নের আজিজুল পাড়ার কলেজ শিক্ষার্থী আল আমীন জানান, রাস্তাঘাট তলিয়ে যাওয়া এবং কর্দমাক্ত হওয়ায় ইউনিয়নটির ২, ৭, ৮ নম্বর ওয়ার্ডের কয়েক হাজার শিক্ষার্থীর স্কুলে যাওয়া নিয়ে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।

এবার পানি বৃদ্ধি ও কমার সাথে সাথে সব থেকে বেশি ধরেছে ভাঙন। এরই মধ্যে নোহালী ইউনিয়নের ব্রিজ বাজার, কাচারীপাড়া, চর বাগদোহরা, চরণহালী, কোলকোন্দ ইউনিয়নের বিনবিনিয়া, গজঘণ্টা ইউনিয়নের ছালাপাকসহ শুধু রংপুর অংশে ২০টি পয়েন্টে ভাঙন ধরেছে। ভাঙন ধরেছে মহিপুর তিস্তা সড়ক সেতুর উত্তর-পশ্চিম রক্ষা বেড়িবাঁধেও। ভাঙন ধরেছে কোলকন্দ ইউনিয়নের ডানতীর রক্ষা বাঁধের স্পার বাঁধেও।

ভাঙনের শিকার নোহালী ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তার স্ত্রী সুলতানা বেগম জানান, ৪০ বছর ধরে তিনি সেখানে তিন সন্তান নিয়ে বসবাস করছেন। পাকা বাড়ি ছিল তার। তিস্তার করাল গ্রাসে গেল পাঁচ দিনের ব্যবধানে তার বাড়িঘর গেছে তিস্তার গর্ভে। এখন তিনি নিঃস্ব। কিছুই রইল না পরিবারটির।

পানি এবং ভাঙনে দিশেহারা এসব পরিবারের পাশে এখন পর্যন্ত দাঁড়ায়নি স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, জেলা ও উপজেলা প্রশাসন।

নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী জানান, ‘সময়ের স্বল্পতার কারণে আমি ভাঙন এলাকায় যেতে পারিনি। তবে মঙ্গলবার ইউএনও এর নির্দেশে সেখানে গিয়েছিলাম।’

গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার জানান, ‘এবার বিভিন্ন এলাকায় ভাঙন ধরেছে। বারবার পানি ওঠানামা করছে। নোহালী চেয়ারম্যান এবং পিআইও-কে আমি নির্দেশনা দিয়ে মঙ্গলবার ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ওখানে পানি উন্নয়ন বোর্ডের এসও সাহেবও গিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত এলাকার পুরো বর্ণনা আমি পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছে সাবমিট করেছি। জরুরি ভিত্তিতে ভাঙন এলাকায় জিও ব্যাগ দেওয়ার বন্দোবস্ত করার কথা বলেছি।’

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, এবার তিস্তায় পানি কমা-বৃদ্ধির সাথে সাথে পানিবন্দি হওয়ার পাশাপাশি ব্যাপক ভাঙন ধরেছে। বিষয়গুলো পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তাদের নির্দেশনা দেয়া হয়েছে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য।

পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব জানান, ‘তিস্তার ডান তীর আমরা সংরক্ষণ করে রেখেছি। কিন্তু বাম তীরের নদীর ক্যাচমেন্ট এরিয়ায় বেশ কিছু জায়গায় জনবসতি গড়ে উঠেছে। সেসব এলাকায় ভাঙন ধরেছে। সেগুলো আমরা কীভাবে কাজ করব তা জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। এরই মধ্যে বেশ কিছু জায়গায় জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে।’

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার দুই পাড়ে ২৪২ কিলোমিটার অববাহিকায় অন্তত দেড় শতাধিক স্পটে এবার ভাঙন ধরেছে। বাদ যায়নি পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধ ও বেড়িবাঁধ।

রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম জানান, তিস্তাসহ রংপুর বিভাগের নদ-নদীগুলোর ভাঙন এবং পানির বাড়া-কমা পরিস্থিতি আপডেট প্রতিদিন সকালে মন্ত্রণালয়কে অবহিত করছি। সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনার আলোকে ভাঙন রোধে কাজ চলমান আছে। বাকি জায়গাগুলোতে কাজ করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। এরই মধ্যে মাঠ প্রশাসনকে সতর্কভাবে তিস্তা অববাহিকা দেখভাল করার জন্য বলাও হয়েছে।