সাবেক ছাত্রলীগ নেতা

পুলিশ দেখে ছাদ থেকে লাফ : আহত অবস্থায় গ্রেফতার

সদর থানার ওসি মো: কামাল হোসেন বলেন, আইয়ুবের নিজ বাড়িতে অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশ ডাকাডাকি করলেও ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। পরে তিনি ছাদ দিয়ে পালানোর চেষ্টা করে আহত হন। তাকে গ্রেফতার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Location :

Kurigram
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব |ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে গ্রেফতার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে আহত হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন।

এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় আইয়ুবকে গ্রেফতার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই শহীদ আশিক হত্যা মামলাসহ দুই মামলায় আইয়ুবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের একটি দল সন্ন্যাসী গ্রামে আইয়ুবের বাড়ি ঘেরাও করে।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আইয়ুব ছাদ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ছাদ থেকে বাড়ির পেছন দিকে নামার সময় টিনের বেড়ার ওপর পড়ে তিনি আহত হন। এতে তার পায়ের আঙুল কেটে যায় এবং হাড় ভেঙে যায়। পরে পুলিশ আহত অবস্থায় তাকে আটক করে হাসপাতালে ভর্তি করে।

সদর থানার ওসি মো: কামাল হোসেন বলেন, আইয়ুবের নিজ বাড়িতে অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশ ডাকাডাকি করলেও ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। পরে তিনি ছাদ দিয়ে পালানোর চেষ্টা করে আহত হন। তাকে গ্রেফতার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি জানান, প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।