ময়মনসিংহের গফরগাঁও বাজারে ভয়াবহ আগুনে তুলার গুদামসহ ছয়টি দোকান পুড়ে গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ষ্টেশন রোডস্থ সাহাবাড়ি পুকুর পাড়-সংলগ্ন টিনের মার্কেটে এ আগুনের সূত্রপাত হয়।
আগুনের ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন জনি, রুবেল, রনি, বানশা ও তাশাররফ। তাদের মধ্যে জনি, রুবেল ও রনির তুলা ও ফার্নিচার দোকান এবং বানশার ঔষধি দোকান ও তাশাররফের ওয়েল্ডিংয়ে দোকান রয়েছে।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাহাবাড়ি এলাকার জনি বেডিং স্টোরের তুলার গুদামে তুলা প্রক্রিয়াজাত করার মেশিনে সংযোগ দিতে গেলে শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি তুলায় লেগে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর গফরগাঁও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, আগুনে তাদের দীর্ঘদিনের ব্যবসার পুঁজি ও মালামাল পুড়ে গেছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ক্ষয়ক্ষতির সঠিক হিসাব করে দ্রুত তারা সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির অভি আলম জানান, মাগরিব নামাজের সময় বাজারে সাহাবাড়ি পুকুর পাড় সংলগ্ন টিনের মার্কেটে একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়লে পুরো মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পর দু‘টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন দ্রুত কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।’



