রংপুরে চার খুনের ঘটনায় অল্প সময়ে মধ্যে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। যদিও এই হত্যাকাণ্ডটার রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে, তদন্তে বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, হয়তো একটু সময় লাগছে।’
তিনি বলেন, ‘আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের যারা দোষী এবং হত্যার পেছনে যদি কেউ জড়িত থাকে, তাদেরকে উন্মোচিত করে আইনের আওতায় নিয়ে আসাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে জরুরি। সে কারণে হয়তো একটু সময় লাগছে, কারণ এত বড় একটা হত্যাকাণ্ড এর আগে রংপুর শহরে ঘটেছে বলে আমার জানা নাই। আমরা সেই জন্য একটু সময় নিচ্ছি, আশা করি যে অল্প কিছুদিনের মধ্যেই হয়তো সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা চার্জশিট দিয়ে দ্রুততম সময়ে আমরা বিচার কাজ শেষ করতে পারব।’
এ সময় আসাদুল হাবিব দুলু হাসপাতাল প্রসঙ্গে বলেন, ‘গত সভায় যেগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেগুলোকে ফলোআপ করার জন্য কতটা কার্যকরী হয়েছে বা কেন হচ্ছে না—সেই বিষয়ে অনুসন্ধান করার জন্য আমি এসেছি। ইতোমধ্যে আপনারা জানেন যে এখানে আইসিইউ বেডের একটা দাবি ছিল। আমরা অ্যানেস্থেসিয়ার অভাবে দিতে পারিনি। আমি আশা করি আগামী এক মাসের ভেতরে আমরা নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব। ’
তিনি আরো বলেন, ‘জনবল কাঠামো সারা বাংলাদেশেই সঙ্কট রয়েছে। অল্প সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন হয়ে গেলে, এই হাসপাতালের যে চাহিদা আছে, আমরা সেগুলোকে সহযোগিতা করে এই হাসপাতালটাকে জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করে দিতে পারি। আমার আন্তরিকতা রয়েছে, আপনারা সবাই সহযোগিতা করলে আমরা অল্প কিছুদিনের মধ্যে আরো কিছু সেবার দ্বার উন্মোচন করতে সক্ষম হব।’
পরে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন। সেখানে হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় তার সাথে ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমুখ।
এর আগে তিনি নগরীর গুপ্তপাড়ায় সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এসময় বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ, ডিসি ইসরাত জাহান, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্ম কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল ২১ আগস্ট মধ্যরাতের পরে নগরীর মাছুয়াপাড়া নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরে যাওয়ার শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী। এ ঘটনায় সিদ্ধার্থ এবং মুগ্ধদাস নামের গ্রেফতার দুই তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তবে নয় দিনের মাথায় কারাগার থেকে ইউরিনের স্যাম্পল সংগ্রহ করায় ডোপ টেস্ট তাদের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি। এ ঘটনায় সীমান্ত এবং বিদ্যুৎ নামে দু’জন সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।



