গাবতলী (বগুড়া) সংবাদদাতা
ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে চলন্ত রিকশা থেকে পড়ে নিহত স্কুলশিক্ষিকা মোসা: রনজিনা পারভীনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলা সদর ইউনিয়নের তরফসরতাজ দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
জানাজার আগে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু।
এছাড়া জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লীরা।
উল্লেখ্য, শনিবার (২৯ আগস্ট) সকালে ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন শিক্ষিকা মোসা: রনজিনা পারভীন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিক্ষিকা মোসা: রনজিনা পারভীন তরফসরতাজ গ্রামের আব্দুল মতিনের সহধর্মিনী এবং উপজেলার নশিপুরের বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
এদিকে, মরহুমা মোসা: রনজিনা পারভীনের মৃত্যুতে তার রূহের মাগফিরাত কামনা ও শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু।



