ভারতীয় সীমান্তে বাংলাদেশী নাগরিককে হত্যা, ভারতীয় নাগরিকদের পুশইনের প্রতিবাদ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী সকল অপতৎপরতা বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে ‘১১ দলীয় ঐক্যজোটের’ ব্যানারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাজনপাড়া ঘুরে পুনরায় শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার বিচার, পুশইন বন্ধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ আব্দুল মোমেন, আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী ও এনসিপি নেতা চাইথোয়াই মারমা।
বক্তব্যে সৈয়দ আব্দুল মোমেন অভিযোগ করে বলেন, ভারত অন্যায়ভাবে তাদের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। একইসাথে সীমান্তে নিরীহ বাংলাদেশী নাগরিকদের গুলি করে হত্যা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে হুমকি দেয়া হচ্ছে।
তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারের প্রতি নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে কঠোর প্রতিবাদ জানানোর আহ্বান জানান। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে আরো দৃঢ় ভূমিকা পালনেরও দাবি জানান।
সমাবেশে বক্তারা সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ, পুশইন কার্যক্রম বন্ধ এবং দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।



