ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা সড়কে টানা এক ঘণ্টার বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বৃষ্টির পর কুমিল্লা-মিরপুর সড়কের টাটেরা সেকান্দর আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনের সড়কটি পানিতে তলিয়ে যায়। এতে শত শত যানবাহনের চালক ও যাত্রীসহ পথচারীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই ওই সড়কে পানি জমে যায়। দীর্ঘ সময় পানি জমে থাকায় শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। জলাবদ্ধতার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটে বলে জানান তারা।
সড়কে চলাচলকারী গাজী মোস্তফা কামাল বলেন, একটু বৃষ্টি হলেই টাটেরা সেকান্দর আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনের সড়কটি পানিতে তলিয়ে যায়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে অনেক সমস্যা হয়। যানবাহন চলাচলের সময়ও দুর্ঘটনার ঝুঁকি থাকে। সড়কটি স্থায়ীভাবে সংস্কার না করলে মানুষের দুর্ভোগ আরো বাড়বে।
টাটেরা সড়কের সিএনজিচালক মিজানুর রহমান বলেন, বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। এতে সিএনজি ও অটোরিকশা চলাচলের সময় নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটে। অনেক সময় যাত্রী ও চালকরা দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। বর্ষা মৌসুমে এ সমস্যা আরো প্রকট আকার ধারণ করে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী গোলাপ হোসেন ভূঁইয়া বলেন, সামান্য বৃষ্টিতেই সড়কটি তলিয়ে যাওয়ার বিষয়টি সত্য। তবে সড়কটির তত্ত্বাবধানের দায়িত্ব সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। এটি উপজেলা প্রকৌশল দফতরের অধীনে নয়। তাই এ বিষয়ে সওজের সাথে যোগাযোগ করা উচিত।
এলাকাবাসীর দাবি, দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেয়ার পাশাপাশি সড়কটির স্থায়ী সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরো খারাপ আকার ধারণ করবে।



