ফরিদপুরের বোয়ালমারীতে একটি মার্কেটের দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ভোরে থানা-সংলগ্ন মোড়ের সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, পৌরসদর বাজারের আজাহার মার্কেটের ছাদ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তার পরনের পায়জামা ছাদের পাশে ইন্টারনেটের তারে ঝুলতে দেখা যায়।
পুলিশ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা যায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ওই নারী মার্কেটের ছাদে ওঠেন। পরে শনিবার ভোর ৪টা ১৯ মিনিটের দিকে অসাবধানতাবশত ছাদ থেকে নিচের সড়কে পড়ে যান। ওই সময় তার পরনের পায়জামা ছিল না বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হয়েছি, ওই নারী মার্কেটের ছাদ থেকে পড়ে মারা গেছেন। তার পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহযোগিতা নেয়া হবে। পরিচয় নিশ্চিত না হলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।



