সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, যাত্রীদের ফুল দিয়ে বরণ

যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের জন্য এই রুট শুধু একটি বিমান যোগাযোগ নয়, বরং এটি পরিবার-পরিজনের সাথে সংযোগ, ব্যবসা-বাণিজ্য এবং আবেগের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
যাত্রীদের ফুল দিয়ে বরণ করছেন সংশ্লিষ্টরা
যাত্রীদের ফুল দিয়ে বরণ করছেন সংশ্লিষ্টরা |নয়া দিগন্ত

দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে আবারো চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট।

আজ রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে ম্যানচেস্টার থেকে ২৭২ যাত্রী নিয়ে  সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর  (বিজি-২০৮) 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ওই ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির।

নবযাত্রার ফ্লাইটের উদ্বোধন করেন তারা।

জানা গেছে, গত ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা এবং বিমান বাংলাদেশের পরিচালক ড. খলিলুর রহমানের সাথে বৈঠক করেন হুমায়ুন কবির।

বৈঠকে ফ্লাইটটি বন্ধ হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং রুটটি পুনরায় চালুর জন্য জোরালো দাবি উত্থাপন করা হয়। পরবর্তীতে জাতীয় নির্বাচনের মাত্র আট দিন আগে ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু করা হবে।

নতুন সরকার গঠনের চার মাসের মাথায় এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।

সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের জন্য এই রুট শুধু একটি বিমান-যোগাযোগ নয়, বরং এটি পরিবার-পরিজনের সাথে সংযোগ, ব্যবসা-বাণিজ্য এবং আবেগের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন।

ফলে ফ্লাইটটি পুনরায় চালু হওয়াতে যুক্তরাজ্য প্রবাসী সিলেটিদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।