ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ

পূর্বপুরুষদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের চলাচলের রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে। তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চান। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের দাবিতে মহাসড়ক অবরোধ
ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের দাবিতে মহাসড়ক অবরোধ |নয়া দিগন্ত

কুমিল্লা বিমানবন্দর সংলগ্ন ১৩টি গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর তারা কর্মসূচি প্রত্যাহার করে সড়কের পাশে মানববন্ধন করেন।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পদুয়ার বাজার অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহনচালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।

বিক্ষোভকারীরা জানান, বিমানবন্দর সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় ও চলাচলের রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ চলছে। একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

স্থানীয় বাসিন্দা মীর হোসেন অভিযোগ করেন, তাদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের চলাচলের রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে। তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চান। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না।

আরেক বাসিন্দা মাহবুব মজুমদার বলেন, ব্রিটিশ আমল থেকে এই জমি আমাদের মালিকানাধীন। তাহলে আমরা কেন অন্য কোনো কর্তৃপক্ষকে কর দেবো? আমরা এই সমস্যার একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান চাই।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, সকাল থেকে আন্দোলনকারীরা মানববন্ধন করে। কেউ কেউ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। আমরা তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছি।

মানববন্ধনে অংশ নেন জেলা বিএনপি নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩টি গ্রামের কয়েক হাজার মানুষ।