চট্টগ্রামে সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৭

এজাহারভুক্ত আসামিরাসহ অজ্ঞাত পরিচয় আরো কয়েকজন সঙ্ঘবদ্ধভাবে গ্যারেজে প্রবেশ করে নিরাপত্তাকর্মী আবু সিদ্দিকের ওপর হামলা চালায়। এ সময় তারা আবু সিদ্দিককে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chattogram
গ্রেফতার সাত আসামি
গ্রেফতার সাত আসামি |নয়া দিগন্ত

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে আবু সিদ্দিক নামে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

গ্রেফতার সাত আসামি হলেন— শেখ আহমেদ রুবেল (৩৫), মো: সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), মো: জামাল উদ্দিন মিজান (৪৫), মো: গোলাম রব্বানী (৫৫), মো: আবুল বাশার (৩৯) ও পেয়ার আহাম্মদ (৫৫)।

এ ঘটনায় আজ (শুক্রবার) সকালে ডবলমুরিং মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর ডবলমুরিং মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল আহম্মেদ জানান, বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামিরাসহ অজ্ঞাত পরিচয় আরো কয়েকজন সঙ্ঘবদ্ধভাবে গ্যারেজে প্রবেশ করে নিরাপত্তাকর্মী আবু সিদ্দিকের ওপর হামলা চালায়। এ সময় তারা আবু সিদ্দিককে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করেন।

একপর্যায়ে হামলাকারীদের একজন গ্যারেজে থাকা রিকশার চাকার লোহার রিং দিয়ে সিদ্দিকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে গ্যারেজের ভেতরে থাকা একটি মিনি পিকআপে লাশ রেখে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সূত্র : ইউএনবি