জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিপু মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমানের সেচ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিপু মিয়া উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের উসমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবাস থেকে দেশে ফিরে নেশার জগতে জড়িয়ে পড়েন তিনি। গতকাল রোববার (৭ জুন) রাতে গামার বিলে মজিবর রহমান ও অপর সেচ পাম্প মালিক মিস্টার’র সেচ পাম্পের টাঙানো সার্ভিস বিদ্যুৎ তার চুরি করতে যায় নিপু। এ সময় বিদ্যুতায়িত সার্ভিস তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকালে স্থানীয় পথচারীরা নিপুকে মাটিতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশে খবর দেয়। পরে সরিষাবাড়ী থানার এসআই শাহীনুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্যে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



