আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় পানিতে ডুবে নিহত শিশু মো: ইশতিয়াকের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বুরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকায় নিহত শিশুর বাবা মো: ইদ্রিসের হাতে এ অনুদান তুলে দেয়া হয়।
দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এ সহায়তা হস্তান্তর করেন।
এ সময় দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, আনোয়ারা উপজেলা আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনিসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
এসময় আনোয়ারুল আলম চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। জামায়াত সবসময় যেকোনো দুর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, বন্যার পানিতে ডুবে শিশু মৃত্যুর এ ক্ষতি কোনো আর্থিক অনুদানে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর কাছে শিশুটির মাগফেরাত এবং পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক কামনা করছি।
উল্লেখ্য, গত ৯ জুলাই দুপুরে আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নের নলদিয়া চার নম্বর ওয়ার্ডের হাসান সর্দারপাড়া এলাকায় ভারী বর্ষণে জমে থাকা পানিতে ডুবে শিশু মো: ইশতিয়াকের (৬) মৃত্যু হয়।



