কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মো: দেলোয়ার হোসেন খান (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দেলোয়ার দক্ষিণ চেঁচরী গ্রামের মো: হারুন খানের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে বৃষ্টির মধ্যে দেলোয়ার নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো: শাহিন খান জানান, দুপুরে মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দেলোয়ারের মৃত্যু হয়। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন।
থানার ওসি তদন্ত হারান চন্দ্র পাল বলেন, ‘বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজখবর নিয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’



