আলোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এবার মারধর ও হত্যাচেষ্টার মামলা

এর আগে শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে ‘উজান টিভি’র কনটেন্ট ক্রিয়েটর নাহিদ হাসান এ মামলাটি করেন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
মিল্টন সমাদ্দার
মিল্টন সমাদ্দার |ফাইল ছবি

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরে অবস্থিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মিল্টন সমাদ্দারের (৩৯) বিরুদ্ধে এবার হত্যার উদ্দেশে হামলা ও মারধরের অভিযোগে একটি মামলা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে সাভার মডেল থানা ও বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ এবং মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো: আল-আমিন নয়া দিগন্তকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে ‘উজান টিভি’র কনটেন্ট ক্রিয়েটর নাহিদ হাসান এ মামলাটি করেন।

মামলার এজাহারে বাদি নাহিদ হাসান বলেন, ‘কনটেন্ট ক্রিয়েটর ছাড়াও তিনি স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কার্যক্রমের সাথে জড়িত। বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা এলাকার দশকুড়া সংলগ্ন সড়কে গত ২৩ আগস্ট দুপুরে পরিচয়বিহীন ও অসুস্থ এক বৃদ্ধা নারীকে (৬৫) পড়ে থাকতে দেখেন তিনি। এরপর মিল্টন সমাদ্দারের সাথে মোবাইলফোনে যোগাযোগ করে ওই বৃদ্ধাকে তার পরিচালিত প্রতিষ্ঠানে আশ্রয় ও সেবা দেয়ার জন্য অনুরোধ করেন তিনি।

তবে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে তার প্রতিষ্ঠানে সেবা ও আশ্রয় দেয়ার বিনিময়ে মাসিক ১৮ হাজার টাকা দাবি করেন।

বিষয়টি হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এবং মিল্টন সমাদ্দারের মানবসেবা সংক্রান্ত কাজ নিয়ে প্রশ্ন তোলেন। ওই ভিডিও প্রকাশের পর মিল্টন সমাদ্দারের কার্যক্রম নিয়ে ফের বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে তার আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে বলেন। তার কথামতো গত ২৫ আগস্ট শরণখোলা উপজেলা থেকে রওনা হয়ে ওই বৃদ্ধাকে নিয়ে রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সে করে সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে পৌঁছান হাসান।

এ সময় পূর্বের ফেসবুক পোস্টের জেরে মিল্টন সমাদ্দার ও ২ নম্বর বিবাদি তার প্রতিষ্ঠানের ম্যানেজার দেবাশীষ (২৬) এবং অজ্ঞাতনামা আরো পাঁচ থেকে সাতজন অতর্কিতভাবে হাসানের ওপর হামলা চালান।

হাসানের অভিযোগ, একপর্যায়ে মিল্টন সমাদ্দার তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে মিল্টন সমাদ্দার ভয়ভীতি দেখিয়ে নাহিদের কাছ থেকে জোরপূর্বক তার দায়মুক্তি ও পক্ষপাতমূলক বক্তব্য-সংবলিত একটি ভিডিও ধারণ করে রাখেন। আগের পোস্টটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ায় নিজের অপরাধ ও দায় এড়ানোর উদ্দেশে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে তার পরিচালিত প্রতিষ্ঠানে রেখে দেন এবং হাসান ও তার সাথে থাকা মো: ইলিয়াস হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেন।

হাসান আরো অভিযোগ করে বলেন, ‘মিল্টন অজ্ঞাতপরিচয়ের বৃদ্ধাকে আশ্রয় দেয়ার বিনিময় তার কাছ থেকে টাকা চাওয়া হয়নি এমন স্বীকৃতিমূলক ভিডিও বক্তব্যও জোর করে নেয়া হয়।’

অভিযোগের বিষয়ে জানতে মিল্টন সমাদ্দারের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা আল-আমিন আরো জানান, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরে প্রায় জনমানবহীন স্থানে ৬৫ শতাংশ জমির কিছু অংশে সাড়ে ছয়তলা একটি ভবনে ২০২৪ সালের মার্চ থেকে মিল্টন সমাদ্দারের সাভার শাখার চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের কার্যক্রম চলছে। বলা হয়, এ কার্যক্রমের উদ্দেশ্য পরিচয়হীন শিশু ও বয়স্ক ব্যক্তিদের আশ্রয় এবং অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা।