কৃষি ও পল্লি উন্নয়নে গবেষণা, প্রশিক্ষণ ও উদ্ভাবনের সুফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে এবার সহযোগিতার নতুন পথে হাঁটছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)।
দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য হয়েছে। যৌথ গবেষণা, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গাকৃবির অ্যাকাডেমিক কাউন্সিল সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঐকমত্যে পৌঁছান সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখর ও গাকৃবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে গাকৃবির শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সাম্প্রতিক সাফল্য তুলে ধরে একটি ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে উন্মুক্ত আলোচনায় কৃষি ও পল্লি উন্নয়নে সমন্বিত গবেষণা, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়ে আলোচনা হয়।
গাকৃবি ভিসি বলেন, ‘দেশের কৃষি ও পল্লির বাস্তব সমস্যার সমাধানে জ্ঞানভিত্তিক নেতৃত্ব দিতে চায় গাকৃবি। সিরডাপের সাথে সহযোগিতা গবেষণা ও উদ্ভাবনের সুফল মাঠপর্যায়ে পৌঁছে দেয়ার সুযোগ তৈরি করবে।’
সিরডাপের মহাপরিচালক বলেন, ‘দুই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা একত্র করা গেলে কৃষি, পল্লি উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে কার্যকর ও টেকসই উদ্যোগ নেয়া সম্ভব হবে।’
সংশ্লিষ্টরা জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে যৌথ গবেষণা ও প্রশিক্ষণ, কর্মশালা, শিক্ষার্থীদের গবেষণা ও প্রকল্পে সম্পৃক্তকরণ এবং জ্ঞান-অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরো বিস্তৃত হবে।



