মৌলভীবাজারের রাজনগরে নৌকা যোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ফেরার সময় ভাসান পানিতে পড়ে সেলিম আহমদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার কাউয়াদীঘি হাওরের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃত যুবক উপজেলার হাওর পারের ফতেপুর গ্রামের শফি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার ফতেপুর গ্রামের হান্নান মিয়ার বাড়ির পাশে এই ঘটনা ঘটে।
ফতেপুর গ্রামের কালা মিয়া বলেন, ‘সেলিম শারিরিকভাবে প্রতিবন্ধী। তিনি মাঝে মাঝে নৌকা চালান। বন্যার পানিতে হাওরে রয়েছে জলাবদ্ধতা। গ্রামীণ রাস্তাঘাট ডুবে থাকায় হাওর পারে চলাচলের বাহন এখন একমাত্র নৌকা। সেলিম তার পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় নৌকা বাওয়ার বাঁশ পানির নিচে পুতে যায়। ওই বাঁশ তুলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। সাথে থাকা তার স্ত্রী ও সন্তান চিৎকার করলে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। সেলিমকে তাৎক্ষনিকভাবে খুঁজে পাওয়া যায়নি। পরে তার লাশ ভেসে ওঠে।
এই ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য মো: ছয়ফুল আলম সুহেল বলেন, ‘বর্ষা মৌসুমে কাউয়াদীঘি হাওরে নৌকা চলাচল বৃদ্ধি পেলেও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। সেলিম একজন শারিরিক প্রতিবন্ধী ছিল। সে তার শরীরের শক্তি দিয়ে পানি থেকে সাঁতরিয়ে উঠতে পারেননি।’
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’



