বহিরাগত দিয়ে এক্স-রে, ঝালকাঠি সদর হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্টকে শোকজ

কেন বহিরাগত দিয়ে এক্স-রে করানো হয়েছে, সে বিষয়ে সন্তোষজনক জবাব নোটিশ জারির তিন কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঝালকাঠি সদর হাসপাতালে রোগীর এক্স-রে করানো হচ্ছে
ঝালকাঠি সদর হাসপাতালে রোগীর এক্স-রে করানো হচ্ছে |নয়া দিগন্ত

১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীলকে বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাসুম ইফতেখার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। এর আগে, সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পর তা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে।

নোটিশে বলা হয়, বহিরাগত লোক দিয়ে কাজ করানো সরকারি কর্মচারী বিধিমালার ২(অ) ও ২(আ) অনুযায়ী অসদাচরণের শামিল। কেন বহিরাগত দিয়ে এক্স-রে করানো হয়েছে, সে বিষয়ে সন্তোষজনক জবাব নোটিশ জারির তিন কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশ হওয়ার সাথে সাথে বিষয়টি আমাদের নজরে আসে। অভিযুক্তকে শোকজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীল বলেন, ‘জি, আমাকে শোকজ করা হয়েছে। শোকজের কাগজ হাতে পেয়েছি। যথাসময়ের মধ্যে জবাব দেবো।’