বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে নিয়ে কাজ করতে চাই : সমাজকল্যাণমন্ত্রী

‘প্রশিক্ষণ শুধু দিলেই হবে না, প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন
বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন |নয়া দিগন্ত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সমাজের কোনো মানুষকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। সুশাসন ও বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘শিক্ষা ও দক্ষতার সমন্বয়ে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। দেশ সবার, তাই দেশ গড়ার দায়িত্বও সবার।’

বুধবার (১ জুলাই) বিকেলে দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মৌলিক দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণোত্তর সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘প্রশিক্ষণ শুধু দিলেই হবে না, প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। একইসাথে প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করতে হবে।’

দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার (এসপি) মো: জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোসা: জিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো: মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মো: গোলাম রসুল রাখি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৪ জনের মাঝে একটি করে গরু, একজনকে একটি ছাগল ও ১১ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।