কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের

ছাগলের জন্য পাতা ও ডাল কাটতে গাছে ওঠার পর অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু হয়।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
কাউখালী থানা
কাউখালী থানা |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইজুল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাইজুল ওই এলাকার মরহুম নুরুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হাইজুল নিজের পালিত ছাগলের জন্য পাতা ও ডাল কাটতে বাড়ির পিছনের একটি কাঁঠাল গাছে ওঠেন। গাছে ওঠার পর অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া কাউখালী-ভান্ডারিয়া ৩৩ হাজার ভোল্টের উচ্চচাপযুক্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সাথে তার স্পর্শ লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিস স্টেশন ও পল্লী বিদ্যুতের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

কাউখালী থানার ওসি মো: আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।