মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) মো: আল-আমিন কবির সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর প্রেসক্লাবে কর্মরত সংবাদকর্মীদের সাথে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: আল-আমিন কবির বলেন, ‘সাধারণ সেবাগ্রহীতাদের জন্য আমার দরজা সব সময় উন্মুক্ত। এখন আমার কক্ষে প্রবেশের জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। সেবাপ্রত্যাশীরা যখন ইচ্ছা তখনই আমার কক্ষে প্রবেশ করতে পারবেন।’
ইতোমধ্যেই বিষয়টি জানিয়ে তার অফিস কক্ষের সামনে নোটিশও জারি করা হয়েছে বলে জানান তিনি।
সভায় সংবাদকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। এর মধ্যে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ, স্কুল-কলেজের সামনে ইভটিজারদের অবাধ বিচরণ রোধ, বাজার মনিটরিং জোরদার, যানজট নিরসন এবং মাদকসেবীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যা সরাসরি শুনতে সপ্তাহে একদিন গণশুনানির আয়োজনের আহ্বান জানান সাংবাদিকরা।
পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের তথ্য দ্রুত ও অবাধে সাংবাদিকদের সরবরাহেরও আহ্বান জানানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো: আল-আমিন কবির সাংবাদিকদের এসব প্রস্তাব ও দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
তিনি উপজেলার জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—সিংগাইর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের রকিবুল হাসান বিশ্বাস, টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধি ও দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার মাসুম বাদশাহ এবং দৈনিক জবাবদিহির উপজেলা প্রতিনিধি মো: সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন—দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো: আব্দুল মোতালেব, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মো: মোস্তাক আহমেদ, দৈনিক বাংলা বাজারের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি মো: ইয়াকুব মোল্লা, দৈনিক জনতার প্রতিনিধি মো: রিপন মিয়া ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো: আবু সাঈদ।
উল্লেখ্য, নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: আল-আমিন কবিরের আগে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একই পদে কর্মরত ছিলেন। ৪০তম বিসিএসের প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কর্মজীবনের শুরুতে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। মো: আল-আমিন কবিরের জন্মস্থান রংপুরের বদরগঞ্জ উপজেলায়।



