সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

দেশের মেরুদণ্ড ভেঙে দিয়ে পালিয়েছে বিগত মাফিয়া সরকার

‘সরকার পরিবর্তন হলেও পথে পথে আতঙ্ক আর নাম বদল শুরু হতো, প্রতিষ্ঠান দখল হতো। কিন্তু ৫ আগস্টের পরে আমরা দেশে পাহারা দিয়েছি যেন আর কোনো লাশ না পড়ে।’

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার সরকারি অনুদানের চেক বিতরণ করছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার সরকারি অনুদানের চেক বিতরণ করছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, ‘এই দেশকে ধ্বংস্তুপ করে রেখে চলে গেছে একটি মাফিয়া দল, একটি তথাকথিত সরকার। দেশের মেরুদণ্ড ভেঙে দেয়ার জন্য যা যা করা দরকার বিগত মাফিয়া সরকার তা করে গেছে।’

তিনি বলেন, ‘দেশের বিদ্যুৎ, গ্যাস সেক্টরকে ধ্বংস করে দেয়া হয়েছে। আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি। সরকারের ১৮০ দিনে অর্জন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছে।’

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি ১৪টি এতিমখানা ও সাতটি সমাজকল্যাণ সংস্থার সরকারি অনুদানের ৩০ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার পরিবর্তন হলেও পথে পথে আতঙ্ক আর নাম বদল শুরু হতো, প্রতিষ্ঠান দখল হতো। কিন্তু ৫ আগস্টের পরে আমরা দেশে পাহারা দিয়েছি যেন আর কোনো লাশ না পড়ে।’

তিনি বলেন, ‘দেশে এখন পর্যন্ত ৭০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়ার সুযোগ নেই। পাওয়ার যোগ্য ব্যক্তিরাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।’

তিনি আরো বলেন, ‘সবুজ একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা বলেছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব, সন্তানকে সম্পদে পরিণত করব, প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত করে গড়ে তুলব। সেই লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে।’ চলনবিলকে একটি পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলারও ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শরিফুল ইসলাম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, শহর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদত হোসেন, সাবেক ভিপি শামীম হোসেন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।

বিশেষ অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, ‘সবাই এক হয়ে নাটোর জেলাকে একটি আধুনিক ও উত্তরবঙ্গের মধ্যে একটি শ্রেষ্ঠ নগরী গড়ে তোলা হবে।’