বিএসএফের হাতে আটক বাংলাদেশীকে ফেরাল বিজিবি

ভুলবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন হবিবুর রহমান। এ সময় বিএসএফ ৩০ ব্যাটালিয়নের কৃষ্ণা ক্যাম্পের টহল দল তাকে আটক করে।

Location :

Nilphamari
বাংলাদেশীকে ফেরত আনছে বিজিবি
বাংলাদেশীকে ফেরত আনছে বিজিবি |নয়া দিগন্ত

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা সীমান্তে ভারতের অভ্যন্তরে ঢুকে বিএসএফের হাতে আটক হওয়া মো: হবিবুর রহমান (৭০) নামে এক বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ডিমলার ঠাকুরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ পিয়াজুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হবিবুর ওই উপজেলার ঠাকুরগঞ্জ ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের মরহুম ইমান আলীর ছেলে।

বিজিবি জানায়, ঘাস কাটার উদ্দেশ্যে শূন্যরেখা অতিক্রম করে ভুলবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন হবিবুর রহমান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৩০ ব্যাটালিয়নের কৃষ্ণা ক্যাম্পের টহল দল তাকে আটক করে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

তার আটক হওয়ার খবর বিওপি কমান্ডারের কাছে পৌঁছালে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করে তাকে ফেরত দেয়ার উদ্যোগ নেয়া হয়।

এরই ধারাবাহিকতায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়। সকাল ১১টা ১৫ মিনিটে দুই বাহিনীর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ হবিবুর রহমানকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।