লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাবুল কামাত সীমান্তে এ ঘটনা ঘটে।
পুশইনের শিকার ভারতীয় ১০ নাগরিক বর্তমানে দেশটির অভ্যন্তরে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা মহানদী ক্যাম্পের সদস্যরা বাবুল কামাত সীমান্তের ৮৪৬ এর ১/২ এস পিলারের কাছ দিয়ে ১০ জনের একটি ভারতীয় গ্রুপকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে পয়ষট্টি বাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএসএফের ওই প্রচেষ্টা রুখে দেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের ওই নাগরিকরা অমানবিক অবস্থায় সীমান্তের দেড়শ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। ১০ জনের ওই গ্রুপে পুরুষের পাশাপাশি নারী ও শিশুও রয়েছে এবং তাদের পাশে সার্বক্ষণিক পাহারায় রয়েছে বিএসএফ।
পাশাপাশি বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির সাথে এলাকাবাসীও লাঠি হাতে সার্বক্ষণিক পাহারায় রয়েছেন। তারা বিএসএফের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বদ্ধপরিকর।
এ বিষয়ে রংপুর ৬১ (তিস্তা ব্যাটালিয়ন) বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, ‘আমি ছুটিতে আছি, তবে ওই ক্যাম্প এলাকা ৫১ বিজিবির অধীনে। আপনি সেখানে ফোন দেন।’
পরে ৫১ বিজিবির অধিনায়ককে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।



