স্থগিত হচ্ছে না সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা

পরীক্ষা বহাল থাকায় বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলের শিক্ষার্থীরা সম্ভাব্য জলাবদ্ধতা, সড়ক যোগাযোগ ও পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট বিভাগের নিম্নাঞ্চল, (ডানে) সিলেট শিক্ষা বোর্ড
বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট বিভাগের নিম্নাঞ্চল, (ডানে) সিলেট শিক্ষা বোর্ড |নয়া দিগন্ত

বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেট শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে এমন জোরালো আলোচনা চললেও শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিত হচ্ছে না। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পূর্বঘোষিত সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। বন্যার পানি ও বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী উপস্থিত হতে পারবে না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষা স্থগিত হতে পারে বলে দিনভর নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়।

শুক্রবার (১০ জুলাই) রাত ৯টায় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন দৈনিক নয়া দিগন্তকে বলেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হচ্ছে না। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরও বিষয়টি নিয়ে কেন্দ্রীয়ভাবে মনিটরিং চলছে।

জানা গেছে, পরীক্ষা বহাল থাকায় বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলের শিক্ষার্থীরা সম্ভাব্য জলাবদ্ধতা, সড়ক যোগাযোগ ও পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট প্রশাসন। পরীক্ষার্থীদের সময় হাতে নিয়ে কেন্দ্রে যাওয়ার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।