রাণীনগরে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো জানান, বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Naogaon
নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার গোনা দিঘীরপার পশ্চিমপাড়া গ্রামের খোকন সরদারের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। এ ঘটনায় ১২ জুলাই খোকন সরদার রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার নাটোরের সিংড়া এলাকা থেকে হাবিবুর রহমান (৪২), ফেরদৌস হোসেন (২৬) ও আসলাম দেওয়ান (৪৩) নামে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সান্তাহার কোমল দোগাছী গ্রাম থেকে গোলাম রব্বানী পাখিটা (৩৯) নামে আরেক সদস্যকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই রাতে নাটোরের সিংড়া উপজেলার হাট তাজপুর গ্রামে অভিযান চালিয়ে সুজীত চন্দ্র ওরফে অজিত চন্দ্র হাওলাদার (৪০) এবং বড় বাড়ুইহাটি গ্রাম থেকে সুচন্দন রাজ বংশী ওরফে সজলকে (২৭) গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে নিজেদের হেফাজতে রেখেছিলেন। উদ্ধার হওয়া গরুগুলোর প্রকৃত মালিকদের শনাক্তের চেষ্টা চলছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো জানান, বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।