সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৬৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সংগ্রাম, উৎমা, দমদমিয়া, পান্থুমাই, প্রতাপপুর, তামাবিল এবং সোনারহাট বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় গরু, মহিষ, মোবাইল ডিসপ্লে, কসমেটিকস, জিরা, সুপারি, ফল, চকলেট, চিনি, সবজি, কম্বল, বিস্কুট, সনপাপড়ি, টাইগারবাম এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের মূল্য ৬৬ লাখ আট হাজার ৬৯০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



