চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো কয়েকজন যাত্রী আহত হন।
নিহত সুরাইয়া বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আরব শাহ ঘোণাপাড়া এলাকার বাসিন্দা মাওলানা আরিফুল রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস এবং চট্টগ্রামগামী পূরবী পরিবহনের অপর বাস চুনতি বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে এবং যান চলাচল পুনরায় শুরু হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া জান্নাতের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনা কবলিত বাস দু’টি জব্দ করে। কলেজ ছাত্রীর লাশ বর্তমানে পুলিশ হেফাজতে আছে। ঘটনার পরপরই দুই বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।’
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।



