কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার ৪৫১ মিটার দৈর্ঘ্যের ঢালাই সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে এর ফলক উন্মোচন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমপ্রোভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (IUGIP) প্রকল্পের অর্থায়নে ৮৬ লাখ টাকা ব্যয়ে পৌরসদরের পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের মলংশাহ মাজার হতে চর লক্ষ্মীয়া গ্রামের মরহুম ইদ্রীস আলী ভূঁইয়ার বাড়ি পর্যন্ত ৪৫১ মিটার রাস্তা পাথর ঢালাইকরণের মাধ্যমে পাকুন্দিয়া পৌরসভা এ প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে চর লক্ষ্মীয়া গ্রামের মানুষের দাবি ছিল এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও উন্নয়ন করার। জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে পৌরসভা থেকে এ রাস্তার উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। এ রাস্তা উন্নয়নের মাধ্যমে এলাকার শত শত মানুষ এর সুফল পাবেন। এছাড়াও এ রাস্তা নির্মাণ শেষে দুপাশে স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হবে।’
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে এমপি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় আপনারা সড়ক নির্মাণ কাজ শেষে রাস্তার তীরে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করবেন।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রিফাত জাহান, সহকারী পৌর প্রশাসক মো: আব্দুল মান্নান খান, উপ-সহকারী প্রকৌশলী মো: এনামুল হক, প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মো: তন্ময় জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: এরফান উদ্দিন মাস্টার, আব্দুস ছাত্তার, এমদাদুল হক মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।



