চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। একই সাথে অনিয়মের দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. শাহনেওয়াজ মেহেদী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর আওতায় লালব্রিজ পশুহাট সড়কে অবস্থিত একটি ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করার নির্দেশ দেয়া হয়। তবে অভিযান পরিচালনাকালে সেখানে কয়েকজন রোগী চিকিৎসাধীন থাকায় তাদের দ্রুত নিরাপদ স্থানে হস্তান্তরের পর সিলগালা কার্যকরের নির্দেশ দেন বিচারক। এ ছাড়া একই আইনের আওতায় পৌর এলাকার হাজী মোড়ে অবস্থিত ইউনাইটেড মেডিক্যাল সেন্টার সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ জানান, প্রতিষ্ঠান দু’টির কোনো বৈধ কাগজপত্র ছিল না। এমনকি রোগী ভর্তি রেখে চিকিৎসা দেয়া হলেও সেখানে কোনো নিবন্ধিত চিকিৎসক কিংবা নার্স উপস্থিত ছিলেন না।
উপজেলা প্রশাসন জানায়, প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া চিকিৎসাসেবা পরিচালনার দায়ে এ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



