ইতিহাসের সাক্ষী শমশেরনগর বিমানবন্দর, কবে মিলবে বেসামরিক বিমান?

১৯৪২ সালে ব্রিটিশরা শমশেরনগর চা-বাগানের ৬২২ একর জমির ওপর বিমানবন্দরটি নির্মাণ করে। একসময় এটি এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক বিমানঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। দেশভাগের পর এর নামকরণ হয় শমশেরনগর বিমানবন্দর।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
ইতিহাসের সাক্ষী শমশেরনগর বিমানবন্দর, কবে মিলবে বেসামরিক বিমান?
ইতিহাসের সাক্ষী শমশেরনগর বিমানবন্দর, কবে মিলবে বেসামরিক বিমান? |নয়া দিগন্ত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর দীর্ঘদিন ধরে বেসামরিক বিমান চলাচলের বাইরে রয়েছে।

বর্তমানে এটি বাংলাদেশ বিমানবাহিনীর নিয়ন্ত্রণে পরিচালিত হলেও স্থানীয়দের দীর্ঘদিনের দাবি—অন্তত আংশিকভাবে বেসামরিক ব্যবহারের জন্য বিমানবন্দরটি চালু করা হোক।

Shamser Biman 1

১৯৪২ সালে ব্রিটিশরা শমশেরনগর চা-বাগানের ৬২২ একর জমির ওপর বিমানবন্দরটি নির্মাণ করে। একসময় এটি এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক বিমানঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। দেশভাগের পর এর নামকরণ হয় শমশেরনগর বিমানবন্দর।

১৯৬৮ সালে একটি বিমান দুর্ঘটনার পর নিয়মিত ফ্লাইট বন্ধ হয়ে যায় এবং স্বাধীনতার পর অবকাঠামোগত ও বিমান সংকটের কারণে এটি বেসামরিক ব্যবহারের বাইরে চলে যায়। বর্তমানে এখানে বিমানবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রায় ৫ হাজার ২০০ ফুট দীর্ঘ রানওয়ে থাকা সত্ত্বেও বিমানবন্দরটি সংস্কার করে চালু করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, বিমানবাহিনীর অনাপত্তি না থাকায় দীর্ঘদিনদ ধরে বিষয়টি ঝুলে রয়েছে।

Shamser Biman 2

সম্প্রতি জাতীয় সংসদে শমশেরনগরে সীমিত পরিসরে বেসামরিক বিমান চলাচল চালুর দাবি উত্থাপন করা হয়।

জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, বিমানবন্দরটির বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে। পাশাপাশি সামরিক প্রয়োজন, অর্থনৈতিক সক্ষমতা ও অবকাঠামোগত বিষয় বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘শমশেরনগর বিমানবন্দর চালু করার জন্য আমি নিজে সংসদে দাবি উপস্থাপন করেছি। এরই মধ্যে ডিও লেটার দিয়েছি। প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার, হবিগঞ্জসহ বেশ কয়েকটি জেলার মানুষ উপকৃত হবে বিমানবন্দর চালু হলে।’

স্থানীয়দের মতে, মৌলভীবাজারে প্রায় দুই লাখ প্রবাসীর বসবাস এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ দেশের অন্যতম পর্যটন অঞ্চলের সহজ যোগাযোগ নিশ্চিত করতে শমশেরনগর বিমানবন্দর চালু করা সময়ের দাবি।

এতে প্রবাসী, পর্যটক ও স্থানীয় অর্থনীতি উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে বলে মনে করছেন তারা।