জামালপুরের বকশীগঞ্জে বৈদ্যুতিক পাখায় ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপন মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুপন মিয়া সূর্যনগর পূর্ব পাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল জানান, আজ দুপুর ১২টার দিকে নিজ বাড়ির আঙিনায় স্ট্যান্ড ফ্যান দিয়ে ধান ওড়ানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



