মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪১ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ। পরে মাছটি ৫৩ হাজার টাকায় কিনে নেন স্থানীয় এক সৌদিপ্রবাসী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর এলাকার যমুনা নদীতে মাছটি ধরা পড়ে। জেলে মো: আসিফ মিয়া, মো: ওহাব মোল্লা ও মো: মতিন শেখ মাছটি ধরে সকালে বাঘুটিয়া চর বাজারে নিয়ে আসেন। বিশাল আকৃতির মাছটি দেখতে বাঘুটিয়া চর বাজারে ভিড় করেন উৎসুক মানুষ।
বাঘুটিয়া বাজারের মাছ ব্যবসায়ীরা জানান, মাছটি বাজারে আনার পর মুহূর্তেই মানুষের ভিড় জমে যায়। ওজন করে দেখা যায়, মাছটির ওজন ৪১ কেজি। পরে বাঘুটিয়া চর এলাকার সৌদিপ্রবাসী মো: জাকির হোসাইন প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা দরে মোট ৫৩ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে ঘোড়ার গাড়িতে করে মাছটি নিয়ে যাওয়া হয়।
মাছটি ধরার পর ভালো দাম পাওয়ায় জেলেরা আনন্দ প্রকাশ করেন। তাদের কাছে এত বড় বাঘাইড় মাছ ধরা পড়ার ঘটনাটিও ছিল বেশ আনন্দের।
দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী বলেন, বন অধিদফতরের নির্দেশনা অনুযায়ী বাঘাইড় মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, ‘বাঘাইড় মাছ ধরা পড়ার তথ্য আমার জানা নেই। বন অধিদফতর বাঘাইড়কে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করেছে। তাই এ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য বিভাগ থেকেও জেলেদের এ মাছ না ধরতে নিষেধ করা হয়।’



