দেশের প্রত্যেক শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রশিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
তিনি বলেছেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে ২৪-এর আওয়ামী ফ্যাসিস্ট হটানোসহ সব জাতীয় সংগ্রামে আমরা দেশের শ্রমিকদের অগ্রণী ভূমিকা পালন করতে দেখেছি।
তিনি শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজবাড়ী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাজবাড়ী কনভেনশন সেন্টারে আয়োজিত ওই সমাবেশে আরো বক্তব্য রাখেন রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় সভাপতি আক্তারুজ্জামান, জামায়াতের রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাসমত আলী মাস্টার, আজাহরুল ইসলাম ও অ্যাডভোকেট রনজু বিশ্বাস।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ‘শ্রমিকদের অধিকার বাস্তাবায়নে এ দেশে ইসলামী শ্রমনীতি আইন বাস্তাবায়ন করতে হবে।’
তিনি বলেন, ‘দেশের জিডিপি অর্জনে, বৈদেশিক রেমিট্যান্স অর্জনে ও খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জনে সবচে বেশি অবদান রাখছে দেশের শ্রমিক সমাজ। তাই আগামীতে দেশে প্রত্যেক শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।’
সমাবেশে বক্তারা বলেন, ‘এ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শ্রমিকের গায়ের ঘাম জড়িয়ে আছে। সংগ্রাম করে জীবন দিয়ে অধিকার আদায় শেষে শ্রমিকদেরই বেশি শোষণ ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।’
‘এজন্যই আমরা চাই দেশে ইসলামী শ্রমনীতি চালু করা হোক। তাতে শ্রমিকরা দিন শেষে তাদের ন্যায্য মজুরিটা পাবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের পাশে ছিল, আগামীতেও থাকবে।’



