নিজের জয় বাংলা স্লোগানের ব্যাখ্যা দিলেন সেই এনসিপি নেতা

এ বিষয়ে এনসিপির গাইবান্ধা জেলার আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, ‘শফিজল ইসলাম আগে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। এলাকায় তার ব্যক্তিগত জনপ্রিয়তা আছে। এ কারণে তাকে এনসিপির সাদুল্লাপুর উপজেলার আহ্বায়ক করা হয়েছে। বড় সমাবেশে বক্তব্য দেয়ার অভিজ্ঞতা না থাকায় অসাবধানতাবশত তিনি বক্তব্য শেষে জয় বাংলা বলে ফেলেছেন।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gaibandha
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাদুল্লাপুরের এনসিপি আহ্বায়ক শফিজল ইসলাম
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাদুল্লাপুরের এনসিপি আহ্বায়ক শফিজল ইসলাম |নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শফিজল ইসলাম নিজের বক্তব্যে জয় বাংলা স্লোগান দেয়ার বিষয়ে বলেছেন, ‘এনসিপির জুলাই জাগরণ পদযাত্রায় পথসভা চলাকালে অসাবধানতাবশত আমার মুখ থেকে জয় বাংলা শব্দটি বের হয়ে যায়। মূলত আমি জামালপুর ইউনিয়ন ও সাদুল্লাপুর উপজেলাবাসীর জয় বা সফলতা কামনা করতে চেয়েছিলাম। কিন্তু মনের অজান্তে স্লোগানটি চলে আসায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

শুক্রবার (১৭ জুলাই) সাদুল্লাপুরে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবারের পথসভায় দেয়া তার বক্তব্যে জয় বাংলা স্লোগানের বিষয়ে তিনি এ ব্যাখ্যা দেন।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে বক্তব্যের শেষাংশে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন দলের উপজেলা আহ্বায়ক শফিজল ইসলাম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে এনসিপির দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় এ ঘটনা ঘটে। উপজেলা এনসিপি আয়োজিত ওই সভায় শফিজল ইসলাম সভাপতিত্ব করছিলেন।

পথসভায় সভাপতির বক্তব্য দেয়ার সময় শফিজল ইসলাম বলেন, ‘আমি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য পাড়া-মহল্লায় গণসংযোগ করছি। সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। জামালপুর ইউনিয়নের মানুষ যদি আমাকে একটু সহযোগিতা করে, তবে ইনশাআল্লাহ কেউ আমাকে ঠেকাতে পারবে না। এ আশাবাদ ব্যক্ত করেই আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা।’

তার মুখ থেকে এ স্লোগান শোনার পর মঞ্চে থাকা কেন্দ্রীয় নেতাসহ উপস্থিত নেতা-কর্মীরা বিস্ময় প্রকাশ করে তার দিকে তাকান। এ সময় সমাবেশস্থলে সাময়িক হাস্যরসের পরিবেশ তৈরি হয়।

পরে নিজের ভুল বুঝতে পেরে শফিজল ইসলাম দুঃখ প্রকাশ করেন এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

পরে তার অসাবধানতাবশত দেয়া স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় রাজনৈতিক মহলসহ বিভিন্ন মহলে ব্যাপকভাবে আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে এনসিপির গাইবান্ধা জেলার আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, ‘শফিজল ইসলাম আগে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। এলাকায় তার ব্যক্তিগত জনপ্রিয়তা আছে। এ কারণে তাকে এনসিপির সাদুল্লাপুর উপজেলার আহ্বায়ক করা হয়েছে। বড় সমাবেশে বক্তব্য দেয়ার অভিজ্ঞতা না থাকায় অসাবধানতাবশত তিনি বক্তব্য শেষে জয় বাংলা বলে ফেলেছেন।