সিলেট নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএমপি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) ভোরে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির সম্মুখ থেকে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি টিবি গেট হয়ে পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে ২৫-৩০ জন নেতাকর্মী অংশ নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে তারা দ্রুত ৫-৬টি মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮ জুলাই রাতে মামলাটি দায়ের করেন (মামলা নং-২৫)। মামলায় অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এই ঝটিকা মিছিল বের করেছিল।
স্থানীয়ভাবে জানা গেছে, মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নির্দেশনায় এবং রঞ্জিত সরকারের অনুসারীদের দ্বারা পরিচালিত হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানান, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সিলেট নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে রোববার এসএমপি কার্যালয় ঘেরাও করে জাতীয়তাবাদী ছাত্রদলের মহানগর শাখা। এ সময় এসএমপির দায়িত্বশীল একজন কর্মকর্তা অবিলম্বে ছাত্রলীগের ঝটিকা মিছিলকারীদের গ্রেফতারের আশ্বাস দেন।
তিনি বলেন, ইতোমধ্যে মামলা হয়েছে এবং আসামিদের ধরতে অভিযান চলছে।



