রংপুরের শ্যামা সুন্দরী খাল দখলমুক্ত এবং যথাযথভাবে পুনঃখননের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে নগরীর প্রেসক্লাব চত্বরের এ মানববন্ধনে অংশ নেন বাপাসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ।
এসময় বক্তারা বলেন, রংপুর মহানগরীর লাইফ লাইন শ্যামাসুন্দরী খাল দখল ও দূষণে মৃত হয়ে যাওয়ায় নগরীর পরিবেশ খুবই ঝুঁকির মধ্যে পড়েছে। অবিলম্বে দখলমুক্ত ও কার্যকর খননের মাধ্যমে শ্যামাসুন্দরীর পানি প্রবাহ চালু করার দাবি জানান তারা।
বাপার জেলা সদস্য সচিব রশিদুস সুলতার বাবলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি মাহবুব আরা লিনা, সাধারণ সম্পাদক রুম্মানা জামান, বাপা সদস্য দেলোয়ার হোসেন, এটিএন বাংলার বিভাগীয় প্রতিনিধি মাহবুবুল ইসলাম, গ্রিন ভয়েসের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মো: আব্দুল্লাহ প্রমুখ।



