সোনারগাঁওয়ে মোবাইলের দোকানে চুরি

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত প্রিন্সিপাল হানড্রেড শপিংমলের পঞ্চম তলায় অবস্থিত আমিনুল টেলিকম বন্ধ করে বাসায় যান আমিনুল। পরদিন শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে দোকানের কর্মচারী শাওন কল করে চুরির বিষয়টি জানায়।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁওয়ে মোবাইলের দোকানে চুরি
সোনারগাঁওয়ে মোবাইলের দোকানে চুরি |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রিন্সিপাল হানড্রেড শপিংমলের একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মোবাইল ফোনের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।

শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটনায় দোকানের মালিক আমিনুল ইসলাম সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ করেন ।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত প্রিন্সিপাল হানড্রেড শপিংমলের পঞ্চম তলায় অবস্থিত আমিনুল টেলিকম বন্ধ করে বাসায় যান আমিনুল। পরদিন শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে দোকানের কর্মচারী শাওন কল করে চুরির বিষয়টি জানায়। খবর পেয়ে দ্রুত মার্কেটে এসে তিনি দেখতে পান, দোকানের শাটারের তালা কেটে ফেলা হয়েছে এবং সেখানে নতুন একটি তালা লাগানো রয়েছে। পরে দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, শোকেস ও স্টোরে থাকা সব মোবাইল ফোন এবং ক্যাশবাক্সের নগদ টাকা উধাও।

দোকান মালিকের দাবি, চুরি হওয়া মালামালের মধ্যে বিভিন্ন মডেলের ১২০টি আইফোন এবং ২৬টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে। এছাড়া ক্যাশবাক্সে থাকা ছয় লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনার পর মার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি দোকানের ভেতরে প্রবেশ করে মোবাইল ফোনগুলো নিয়ে বের হয়ে যান। তবে ওই ব্যক্তি একাই ছিলেন নাকি তার সাথে অন্য কেউ জড়িত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসার বড় অংশই দোকানে ছিল। এ ঘটনায় আমার প্রায় সব পুঁজি হারিয়ে গেছে। দ্রুত চোরদের শনাক্ত করে মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।’

দোকানের কর্মচারী শাওন বলেন, ‘আমি ১০টার পরে দোকানে এসে দেখি দোকানের তালা চেঞ্জ। দোকানের সেলফে কোনো মোবাইল নেই। সকল মোবাইল ফোন চোরে নিয়ে গেছে। সাথে সাথে আমি মালিককে কল দিয়ে বিষয়টি জানাই।’

তিনি আরো বলেন, ‘এপ্রিল মাসে আমাদের মার্কেটের নিরাপত্তা প্রহরী দোকান থেকে চুরি করেছে। পরে বিষয়টির মালিকদের জানালে তারা ওই প্রহরীকে চাকরি থেকে বের করে দেয়। আমরা ধারণা করতেছি, এই চুরির সাথে নিরাপত্তা প্রহরীরা জড়িত থাকতে পারে।’

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’