দোহার (ঢাকা) সংবাদদাতা
ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির ঘটনায় হাসপাতালের ওয়ার্ড বয় শামীম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম।
জানা গেছে, উপজেলার মুকসুদপুর এলাকার মিথিলা আক্তার শনিবার রাতে তার আড়াই বছর বয়সী শিশুকে ঠাণ্ডাজনিত সমস্যার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ভর্তি করান। গভীর রাতে তিনি নিজের মোবাইল ফোন খুঁজে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে দ্রুত ব্যবস্থা না পেয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে রোববার সকাল ১১টার দিকে দোহার থানা পুলিশ হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়ার্ড বয় শামীম হোসেন মোবাইল ফোন চুরির কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, “সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হলে ওয়ার্ড বয় মোবাইল চুরির বিষয়টি স্বীকার করেন। পরে তার কাছ থেকে চুরি হওয়া ফোন উদ্ধার করা হয় এবং তা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে মালিকের কাছে ফেরত দেয়া হয়েছে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম বলেন, “ঘটনাটি সিভিল সার্জনকে অবহিত করা হলে তিনি সংশ্লিষ্ট কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। নির্দেশনা পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শামীম হোসেনকে সাময়িক বরখাস্তের নোটিশ প্রদান করেছে।”
ঘটনাটি নিয়ে হাসপাতাল এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে আরো সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



