লংগদু (রাঙামাটি) সংবাদদাতা
রাঙামাটির লংগদুতে যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে দুই নারীসহ নয়জনকে আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাইনীমুখ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সকালে ১২ জনের একটি দল স্পিডবোট রিজার্ভ করে রাঙামাটি থেকে লংগদুর উদ্দেশে রওনা হয়ে মাইনীমুখ বাজারে এসে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় নয়জনকে আটক করা হয় এবং অন্য তিনজন পালিয়ে যায়।
আটক নয়জনের মধ্যে পাঁচজন উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে আসার কথা স্বীকার করেছেন এবং নিজেদেরকে রোহিঙ্গা হিসেবে দাবি করেছেন। অপর চারজন নিজেদের বাংলাদেশী নাগরিক বলে দাবি করলেও তাদের চলাফেরা ও পরিচয় নিয়ে সন্দেহ থাকায় তাদেরকেও আটক করা হয়। আটক নয়জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লংগদু থানায় হস্তান্তর হয়েছে।
লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে জানান, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আটক ব্যক্তিরা কী উদ্দেশ্যে লংগদুতে এসেছিলেন এবং পলাতক তিনজনের পরিচয় কী, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।



