আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় প্রায় ৪০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ নিয়ে গেছে। নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’



