গফরগাঁওয়ে লাইনচ্যুত বগি উদ্ধার, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

উদ্ধার কাজ শেষ হলে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
লাইনচ্যুত বগি উদ্ধারে ব্যবহার করা হচ্ছে রিলিফ ট্রেন
লাইনচ্যুত বগি উদ্ধারে ব্যবহার করা হচ্ছে রিলিফ ট্রেন |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে জামালপুর কমিউটার ট্রেনের লাইচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়েছে। ফলে পৌনে আট ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। এর আগে, দুপুর দেড়টার দিকে বগিগুলো উদ্ধারে ঢাকা ও ময়মনসিংহ থেকে দু’টি রিলিফ ট্রেন এলে উদ্ধার কাজ শুরু করেন রিলিফ কর্মীরা।

উদ্ধার কাজ শেষ হলে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। এছাড়া বিকেল সাড়ে ৫টার দিকে জামালপুর কমিউটার ট্রেনের লাইনচ্যুত বগিগুলো নিয়ে রিলিফ ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোডস্থ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো: হানিফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে ট্রেনটির সামনের অংশের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস কাওরাইদ স্টেশনে, মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে আটকে ছিল।