ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তারা হলেন জেলার বরুড়া উপজেলার মইশাই গ্রামের আবদুল্লাহর ছেলে কুমিল্লার রেলওয়ে স্টেশনে মোটরস অ্যান্ড ফার্নিচার ব্যবসায়ী সানাউল্লাহ (৩৩) ও তার দোকানের কর্মচারী মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামের রবিউলের ছেলে অন্তর (২৬)। ব্যবসার পাশাপাশি সানাউল্লাহ কুমিল্লা বিআরটিসি জামে মসজিদের খতিব ছিলেন।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘সকালে দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহনের একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সাথে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।’
তিনি আরো বলেন, ‘পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’
নিহতের মামা মাওলানা মুফতি মাযহারুল ইসলাম জানান, আমার ভাগিনা সানাউল্লাহ দোকানের কর্মচারী অন্তরকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম থেকে বরুড়া যাচ্ছিল। পথে তারা দুর্ঘটনার শিকার হয়।



